ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ভারত সফর বাতিল করেছেন। নয়াদিল্লিতে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে তিনি এ সিদ্ধান্ত নেন। চলতি বছরে এটি তার তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল।
ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ–এর বরাতে মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে হওয়া সন্ত্রাসী হামলাটি প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে।
এর আগে খবর ছিল, চলতি বছর শেষের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতেই নয়াদিল্লি সফরে আসবেন নেতানিয়াহু। তবে এ বছর তৃতীয়বারের মতো সফরের পরিকল্পনা বাতিল করলেন তিনি।
গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরাইলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন।
বিশ্বরাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা তুলে ধরার অংশ হিসেবেও নেতানিয়াহুর এসব পরিকল্পিত সফরকে দেখা হয়ে থাকে। গত জুলাইয়ে তার দল লিকুদ পার্টির প্রচারণায় যে ব্যানার ব্যবহার করা হয়, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি ছিল। তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রধান নেতাদের কাতারে উপস্থাপন করতেই এই প্রচারণা।
উল্লেখ্য, নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে মোদি গিয়েছিলেন ইসরাইল সফরে, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম তেল আবিব সফর।





