ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সানার এক আদালত। হুথিদের সরকারি সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
সংবাদটি জানায়, আমেরিকান, ইসরায়েলি এবং সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের কর্মকাণ্ডের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। আদালতের রায় অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের জনসমক্ষে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যাতে তা অন্যদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ সালে ইয়েমেনের বিরোধী দেশগুলোর সঙ্গে যোগসাজশ ও সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে প্রধান ছিল সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক। অভিযুক্তদের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে, তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিল। এছাড়া গোপন তথ্য ব্যবহার করে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো এবং এর মাধ্যমে প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটানোর অভিযোগও ছিল।
আদালতের রায় অনুযায়ী, ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এছাড়া দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে মুক্তি দেওয়া হয়েছে।
গত দুই বছরে ইসরায়েলের ওপর হুথি বাহিনীর হামলার জবাবে ইসরায়েল ইয়েমেনে একাধিক বিমান হামলা চালিয়েছে। এছাড়া হুথি গোষ্ঠী ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখানোর নামে এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।





