যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবেন। এই তথ্য নিজেই বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ হবে।”
জোহরান মামদানি ইতোমধ্যেই এই সাক্ষাৎ সম্পর্কে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
তবে ট্রাম্পের পোস্টের পর সাংবাদিকরা মামদানি ও তার দলের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, কেউই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি আগামী ১ জানুয়ারি শপথ নেবেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
এই বৈঠকে মেয়র নির্বাচিত নতুন প্রশাসনের পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।





