মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন নতুন শান্তি কাঠামোতে চাপের মুখে জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ভূমি ত্যাগ এবং সামরিক সক্ষমতা কমানোর চাপ আবারও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পুরো বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ‘নতুন একটি কাঠামো’ মেনে নিতে ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ দিচ্ছে হোয়াইট হাউজ। বিষয়টি বুধবার (১৯ নভেম্বর) প্রতিবেদন করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

পূর্ব ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি এবং জেলেনস্কিকে ঘিরে চলমান দুর্নীতিবিষয়ক বিতর্কের সময় এমন প্রস্তাব কিয়েভের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই বিতর্কের জেরেই বুধবার দেশের পার্লামেন্ট জ্বালানি ও বিচার মন্ত্রীকে অপসারণ করেছে।

হোয়াইট হাউজ এ বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন— যুদ্ধ শেষ করতে উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র সম্ভাব্য একটি খসড়া তৈরি করবে। তার ভাষায়, এত জটিল ও প্রাণঘাতী যুদ্ধ থামাতে বাস্তবসম্মত আলোচনার প্রয়োজন। স্থায়ী শান্তির জন্য উভয় পক্ষকে “কঠিন কিন্তু প্রয়োজনীয় ছাড়” দিতে হবে।

একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন একটি খসড়ার বিষয়ে ইঙ্গিত পেয়েছে কিয়েভ। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এ নিয়ে আলোচনাও হয়েছে। তবে প্রস্তাব তৈরি প্রক্রিয়ায় কিয়েভের কোনো ভূমিকা ছিল না বলে জানান তিনি।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, যুদ্ধ থামাতে কার্যকর মার্কিন নেতৃত্ব এখন অত্যন্ত জরুরি। তার ভাষায়, যুদ্ধ শেষ করার জন্য যথেষ্ট ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই রয়েছে। এরদোয়ান বিভিন্ন আলোচনা-ফরম্যাটের প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি।

ট্রাম্প প্রশাসনের শান্তি প্রচেষ্টার নতুন উদ্যোগ শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে— বুধবার ইউক্রেনের সরকারি বন্ডদামে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা গেছে।

জুলাইয়ে ইস্তাম্বুলে বৈঠকের পর থেকে কিয়েভ ও মস্কোর মধ্যে সরাসরি মুখোমুখি আলোচনা হয়নি। রাশিয়ার বাহিনী চার বছর ধরে চলমান যুদ্ধে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ মঙ্গলবার রাতে তাদের হামলায় ২৫ জন নিহত হয়েছে।

শেয়ার করুন