স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত পূরণ না হলে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিকীকরণ করবে না—এমন দৃঢ় আশ্বাস দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল-কে সোমবার (১৭ নভেম্বর) দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রিয়াদে অনুষ্ঠিত অভ্যন্তরীণ বৈঠকে সৌদি নেতৃত্ব ফিলিস্তিন অথরিটিকে আশ্বস্ত করেছে যে, ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। সৌদির সুস্পষ্ট অবস্থান হলো—১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের যেকোনো অগ্রগতি সম্ভব।
কর্মকর্তার ভাষায়, “সৌদি আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে—ফিলিস্তিনকে ফেলে তারা কোথাও যাবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রশ্নই আসে না।”
এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে রিয়াদের ওপর চাপ বাড়াতে পারে।
ফিলিস্তিনি কর্মকর্তা আরও জানান, তারা সৌদির প্রতিশ্রুতিতে আস্থা রাখেন এবং মনে করেন না যে রিয়াদ হঠাৎ করে তাদের নীতি পরিবর্তন করবে। যদিও ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় চারটি আরব দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।
গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিন অথরিটি এবং আরব লীগ হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিল; তবে হামাস ইতোমধ্যে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।





