আফগানিস্তান পাকিস্তান থেকে আসা ওষুধের ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে। তালেবান সরকার বলছে, প্রতিবেশি দেশ থেকে আমদানি করা ওষুধ ‘নিম্নমানের’, এবং ব্যবসায়ীদের বিকল্প দেশ খুঁজে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আলেমারাহ নিউজ।
আফগান সরকারের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্ত বাণিজ্যে ঘনঘন বিঘ্ন এবং পণ্য পরিবহনে বাধার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি যেসব ঠিকাদারের পাকিস্তানি সরবরাহকারীদের সঙ্গে চলমান চুক্তি রয়েছে, তাদের তিন মাসের মধ্যে সেই চুক্তি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং স্থানীয় ব্যবসায়ীদের মর্যাদা ও অধিকার সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আফগান কর্মকর্তারা বিকল্প বাণিজ্য রুট খোঁজার আহ্বান জানিয়েছেন।
দেশটির সরকারের এমন ঘোষণা এসেছে দুই দেশের সম্পর্ক খুব বাজে সময়ের মধ্যে। আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার কাবুলে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যপথ খুঁজে নেওয়ার আহ্বান জানান। পাকিস্তানের সঙ্গে ব্যবসা গুঁটিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
বারাদার বলেন, ‘পাকিস্তান থেকে নিম্নমানের ওষুধ আমদানি আমাদের স্বাস্থ্য খাতে একটি গুরুতর সমস্যা। এর ফলে প্রতিবছর শত শত মিলিয়ন ডলার দেশ থেকে বাইরে চলে যাচ্ছে।’ তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ঘোষণার পরও যারা পাকিস্তানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবেন, তাদের অভিযোগ সরকার গ্রহণ করবে না।
বর্তমানে আফগানিস্তান পাকিস্তান, ভারত, তুরস্ক ও বাংলাদেশ থেকে ওষুধ কিনে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে দেশটি বছরে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের ওষুধ আমদানি করত।





