শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ৩৭

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে। ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো জানান, দুর্ঘটনাস্থলেই ৩৬ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ওপোর্তো স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে বলেন, “বাসটি প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়, এরপর রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।”

আরেকুইপা আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আহত ২৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক হাইওয়ে টহল রিপোর্টে ১৬ জনের মৃত্যুর কথা উল্লেখ থাকলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭-এ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন