ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে টাইফুনটি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে উত্তর ফিলিপাইনে আছড়ে পড়ে। আবহাওয়া সংস্থা পাগাসা জানায়, রাত ৯টা ১০ মিনিটে ঝড়টি লুজন দ্বীপের অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানে। প্রবল বাতাসে উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হয়ে যায় এবং কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলের বহু স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
অরোরা, ইসাবেলা ও বিকল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ডুবে যায় বহু গ্রাম। আগাম সতর্কতায় অন্তত ১০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শত শত ফ্লাইট বাতিল হয়েছে, বন্ধ রাখা হয়েছে একাধিক বিমানবন্দরও। ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কারণে প্রেসিডেন্ট মার্কোস জরুরি অবস্থা ঘোষণা করেন।
‘ফাং-ওং’, যা স্থানীয়ভাবে ‘উয়ান’ নামে পরিচিত, সোমবার থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার তাইওয়ান প্রণালির দিকে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে গিয়ে এটি দুর্বল হয়ে পড়তে পারে।
এর আগে গত সপ্তাহে টাইফুন ‘কালমেইগি’ আঘাত হানে ফিলিপাইনে। ওই দুর্যোগে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং লাখো মানুষের গৃহহীন হওয়ার ঘটনা ঘটে।
সূত্র: রয়টার্স





