যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত দুজন নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এছাড়া নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলের হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে এক গাড়িতে হামলা চালিয়ে আরেক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একই সংস্থা।
এনএনএ আরও জানায়, ইসরাইলি ড্রোনগুলো টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ ও বিনত জবাইল এলাকায় নিচু দিয়ে উড্ডয়ন করে টহল দিচ্ছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।
গত কয়েক সপ্তাহে দক্ষিণ লেবাননে উত্তেজনা নতুন করে বাড়ছে। ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।





