সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে নাম মুছে ফেলার একদিন পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা। রোববার (৯ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা ও আন্তর্জাতিক মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে অনুষ্ঠিত কপ–৩০ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পর শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন প্রেসিডেন্ট আল শারা। সরকারি বৈঠকে অংশ নিতে তিনি ওয়াশিংটনে পৌঁছেছেন এবং আগামীকাল (১০ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে আল শারার এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাকে “সন্ত্রাসবাদের কালো তালিকা” থেকে বাদ দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, সিরীয় সরকার যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবির বিষয়ে সহযোগিতা করছে। এর মধ্যে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহায়তা এবং রাসায়নিক অস্ত্র সম্পূর্ণরূপে ধ্বংসের অঙ্গীকারও অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, “বাশার আল আসাদ সরকারের পতনের পর নতুন নেতৃত্ব যে সংস্কার ও পুনর্গঠনের পথে এগোচ্ছে, এই অগ্রগতি স্বীকৃতি পাওয়ারই প্রতিফলন হলো এই সফর।





