তুরস্কের ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ মোট ৩৭ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এ পরোয়ানা জারি করা হয়। খবর— সিএনএন ও টাইমস অব ইন্ডিয়া।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।
তুরস্কের অভিযোগ, গাজায় ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা ছিল “পরিকল্পিত ও ধারাবাহিক গণহত্যা” এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।
প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, গাজায় তুরস্ক নির্মিত তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে।
গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় অংশ নেয়।
তুরস্ক জানিয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও হাসপাতাল ধ্বংসের দায়ে ইসরায়েলি নেতৃত্বকে আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করা হবে।
পরোয়ানা জারির পরপরই এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল।দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এক বিবৃতিতে বলেন, তুরস্কের এই পদক্ষেপ প্রেসিডেন্ট এরদোগানের রাজনৈতিক প্রচারণা ও পিআর কৌশলের অংশ ছাড়া আর কিছু নয়।”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় সীমিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে, পরিস্থিতি এখনো নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।





