গাজায় থাকা আরও এক ইসরাইলি বন্দির মরদেহ ইসরাইলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় লাশটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিহত ওই জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ২২ জন ইসরাইলি বন্দির লাশ ইসরাইলকে হস্তান্তর করল হামাস। চুক্তির শর্ত অনুযায়ী, আরও ছয়জনের মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে—যাদের মধ্যে ইসরাইলি নাগরিক ছাড়াও একজন থাই ও একজন নেপালি নাগরিক আছেন।
গত মাস থেকেই যুদ্ধবিরতির অংশ হিসেবে মৃত ইসরাইলিদের মরদেহ ফেরত দিয়ে আসছে হামাস। চুক্তিতে মোট ২৮ জিম্মির লাশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
তবে ইসরাইলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে লাশ ফেরাতে দেরি করছে। অন্যদিকে হামাসের দাবি, ইসরাইলি হামলায় সৃষ্ট ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় মরদেহগুলো উদ্ধারে সময় লাগছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জীবিত ও মৃত জিম্মিদের বিনিময়ে ইসরাইল ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। সেই সঙ্গে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা নিয়ে দুই পক্ষের মধ্যেই চলছে দোষারোপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে।





