ক্যারিবীয় সাগরে মাদক চোরাচালানের অভিযোগে অভিযানে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে জাহাজে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজটিকে অবৈধ মাদক চোরাচালানে জড়িত বলে শনাক্ত করা হয়েছিল।’ তিনি আরও জানান, অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গত সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসন ওই অঞ্চলে মাদকবাহী জাহাজের বিরুদ্ধে ১০টি হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল ক্যারিবীয় অঞ্চলের ভেনেজুয়েলার নৌযানগুলো।
বর্তমানে পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করেছে। পাশাপাশি মেক্সিকো উপসাগরেও যুক্ত করা হয়েছে আরও একটি যুদ্ধজাহাজ।





