রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলন মাস্ক চালু করলেন ডানপন্থি এআই-ভিত্তিক অনলাইন বিশ্বকোষ ‘গ্রকিপিডিয়া’

মার্কিন ধনকুক ইলন মাস্ক উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে অনলাইন বিশ্বকোষ ‘গ্রকিপিডিয়া’ চালু করেছেন। মাস্ক জানিয়েছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভর করবে এবং তার ডানপন্থী দৃষ্টিভঙ্গির সঙ্গে মানানসই ধারায় তথ্য উপস্থাপন করবে। তবে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গ্রকিপিডিয়ার অনেক নিবন্ধের তথ্য মূলত উইকিপিডিয়ার উপর ভিত্তি করে তৈরি।

গ্রকিপিডিয়ার সমস্ত তথ্য যাচাই হবে মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই-এর ‘গ্রক’ নামের চ্যাটবটের মাধ্যমে। মাস্ক বলেন, এই ধারণা তার নিজের নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের এআই ও ক্রিপ্টোকারেন্সি কর্মকর্তা ডেভিড স্যাকসের কাছ থেকে এসেছে।

গার্ডিয়ান লিখেছে, মাস্ক প্রায়ই উইকিপিডিয়ার সমালোচনা করেন, বিশেষ করে যখন উইকিপিডিয়া নিউ ইয়র্ক টাইমস বা এনপিআর-এর খবরের তথ্য দেয়। তিনি ‘প্রচলিত বা মেইনস্ট্রিম মিডিয়া’-কে নিয়মিত আক্রমণ করে মানুষের কাছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর ওপর নির্ভর করার পরামর্শ দেন। মাস্কের এই উদ্যোগে প্ল্যাটফর্মটিতে প্রাধান্য পেয়েছে ডানপন্থী বা চরম ডানপন্থী মতামত।

গ্রকিপিডিয়ার নিবন্ধগুলি সাধারণত রক্ষণশীল বা ডানপন্থী দৃষ্টিভঙ্গিতে লেখা। উদাহরণস্বরূপ, ২০২১ সালের ৬ জানুয়ারির যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় গ্রকিপিডিয়া ‘ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ’ উল্লেখ করেছে, যা ট্রাম্প ও তার সমর্থকদের প্রচারিত এক মিথ্যা দাবি। নিবন্ধে বলা হয়েছে, এই ঘটনার ব্যাখ্যা নিয়ে বিতর্ক চলছে; কেউ কেউ এটিকে নির্বাচনে অনিয়মের প্রতিবাদ হিসেবে দেখেন, অন্যরা এটিকে ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হামলা মনে করেন।

এর পাশাপাশি, কিছু সাংবাদিক গ্রকিপিডিয়ার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন। এক নিবন্ধে দাবি করা হয়েছে, পর্নোগ্রাফি এইডস মহামারিকে আরও খারাপ করেছে, যা বাস্তবে ভিত্তিহীন বলে সংবাদকর্মীরা উল্লেখ করেছেন।

শেয়ার করুন