মিয়ানমারে সাইবার প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে আসা ৫০০ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।
প্রধানমন্ত্রী আনুতিন জানান, মিয়ানমারের সীমান্তবর্তী মেয় সো এলাকায় বর্তমানে প্রায় ৫০০ ভারতীয় অবস্থান করছে। ভারত সরকার একটি বিশেষ বিমান পাঠিয়ে তাদের সরাসরি দেশে ফিরিয়ে নেবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের গৃহযুদ্ধ ও অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সীমান্ত অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য সাইবার প্রতারণা কেন্দ্র বা ‘স্ক্যাম হাব’। প্রেম, বিনিয়োগ ও ব্যবসার নামে প্রতারণা চালানো হতো এসব কেন্দ্র থেকে। কুখ্যাত কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ছিল কেকে পার্ক। সেখানে সাম্প্রতিক অভিযানের পর শত শত কর্মী মেয় সো শহর হয়ে থাইল্যান্ডে পালিয়ে যায়।
স্থানীয় প্রশাসনের তথ্যে জানা যায়, এসব কেন্দ্রে কাজ করা অনেককেই পাচার করে আনা হয়েছিল। তবে বিশ্লেষকদের মতে, উচ্চ বেতনের লোভে অনেকেই স্বেচ্ছায় ওই প্রতারণা চক্রে যুক্ত হয়েছিলেন।
তবে এই ভারতীয়দের অপরাধী নাকি মানবপাচারের শিকার হিসেবে গণ্য করা হবে—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ভারতীয় দূতাবাস থেকেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
থাইল্যান্ডের তাক প্রদেশ প্রশাসনের তথ্যমতে, গত সপ্তাহে শুরু হওয়া অভিযানের পর ২৮টি দেশের প্রায় ১,৫০০ জন নাগরিক আশ্রয় নিয়েছেন থাইল্যান্ডে।





