ক্যারিবীয় সাগরজুড়ে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’। ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানা এই ক্যাটাগরি–৫ মাত্রার ঝড়ে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে জ্যামাইকায় তিনজন, হাইতিতে তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজন রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, মেলিসা প্রচণ্ড দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে এবং অনেক অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড়টি জ্যামাইকায় ভয়াবহ বন্যা, ভূমিধস ও ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।
রেড ক্রসের পূর্বাভাস অনুযায়ী, অন্তত ১৫ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। জ্যামাইকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিশেষ অনলাইন পোর্টাল চালু করেছে।
এদিকে প্রতিবেশী কিউবাতেও মেলিসার প্রভাব পড়তে শুরু করেছে। উপকূলীয় এলাকাগুলোতে বিপদসঙ্কেত জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ভোর নাগাদ ঝড়টি কিউবার স্থলভাগে আঘাত হানতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মেলিসা অল্প সময়ের মধ্যেই অতিপ্রবল শক্তি অর্জন করেছে— যা পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।





