রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হামাস: ইসরাইলি দখল শেষ হলে অস্ত্র সমর্পণে রাজি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা নিরস্ত্র হতে প্রস্তুত। তবে শর্ত হলো, ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব শেষ হতে হবে। হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া বলেছেন, সংগঠনটির অস্ত্রভাণ্ডারের বিষয়ে সিদ্ধান্ত সরাসরি ইসরাইলি ‘দখলদারিত্ব ও আগ্রাসনের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত’।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইল দুই বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে হামাসকে নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রও ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নের শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলেছে। তবে আল-হাইয়া জানিয়েছেন, দখলদারিত্ব শেষ হলে অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। কোন রাষ্ট্রকে তিনি বোঝাচ্ছেন, তা স্পষ্ট নয়।

গাজায় ইসরাইলি হামলার মধ্যেও হামাসের অবস্থান স্পষ্ট: যুদ্ধের পর তারা সরাসরি উপত্যকার শাসনকাজে আগ্রহী নয়। তাদের দাবি, শুধুমাত্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তাদের যোদ্ধারা অস্ত্র সমর্পণ করতে পারবেন। সে ক্ষেত্রে অস্ত্র হস্তান্তরের পর তাদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির কাছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার শাসনভার হস্তান্তরে হামাস সম্মত হয়েছে, তবে অস্ত্র সমর্পণে এখনও রাজি হয়নি। গাজায় সক্রিয় অন্যান্য সংগঠনগুলোও কায়রো বৈঠকের এই সমঝোতার সঙ্গে একমত হয়েছে। হামাসের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীন টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত অস্থায়ী এই কমিটি আরব দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় কাজ করবে এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় প্রশাসনিক কোনো শূন্যতা না থাকে তা নিশ্চিত করবে।

শেয়ার করুন