মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র–মালয়েশিয়া বাণিজ্যচুক্তি সই, নতুন মাইলফলক আসিয়ান সম্মেলনে

৪৭তম আসিয়ান সম্মেলনের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়ল মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সম্পন্ন এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। এর আওতায় অর্ধপরিবাহী শিল্প, প্রযুক্তি বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা ও টেকসই জ্বালানি খাতে অংশীদারিত্ব জোরদার হবে।

এর আগে একই স্থানে আনোয়ার ইব্রাহিম ও ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে থাইল্যান্ড–কাম্বোডিয়া শান্তি চুক্তি (কেএল পিস অ্যাকর্ড)-এও সাক্ষর করেন। এটি আসিয়ান অঞ্চলের কূটনৈতিক অঙ্গনে এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।

মালয়েশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত এডগার্ড ডি. কাগান জানিয়েছেন, ট্রাম্পের এই সফরকে ঘিরে মূলত বাণিজ্য শুল্ক, সরবরাহ শৃঙ্খল, বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। তাঁর ভাষায়, “মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার—বিশেষত পশ্চিমা সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত আমেরিকান কোম্পানিগুলোর বিনিয়োগের কারণে।”

১৯৫৭ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০১৪ সালে দুই দেশ সম্পর্ককে সমন্বিত অংশীদারত্বে উন্নীত করে। বর্তমানে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ও বিনিয়োগকারী।
২০২৪ সালে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩২৪.৯১ বিলিয়ন রিঙ্গিত, যা প্রায় ৭১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার

বৈঠকের শেষে দুই দেশের নেতা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতা, ন্যায্য বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন