রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালেন ট্রাম্প

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার একটি শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট দিয়ে ট্রাম্প এ ঘোষণা দেন। খবর রয়টার্স

বিজ্ঞাপনটি প্রচার করেছে কানাডার অন্টারিও প্রাদেশিক সরকার। এতে যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট এবং রিপাবলিকানদের প্রতীকী নেতা রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য অন্তর্ভুক্ত ছিল। ওয়ার্ল্ড সিরিজ সম্প্রচারের সময় বিজ্ঞাপনটি প্রচারিত হয়।

ভিডিওতে রিগ্যানকে বলতে শোনা যায়, শুল্কনীতি বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক সংকট ডেকে আনে। বিজ্ঞাপনটি প্রচারের পর ট্রাম্প একে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে অটোয়ার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন।

‘তারা বিজ্ঞাপনটি বন্ধ করার কথা ছিল, কিন্তু সেটি ওয়ার্ল্ড সিরিজের সময় প্রচার করেছে—সম্পূর্ণ জেনে শুনেই। এটি একধরনের প্রতারণা,’—নিজের পোস্টে লিখেছেন ট্রাম্প।

তিনি আরও জানান, ‘তাদের ভুল তথ্য ও বৈরী আচরণের কারণে আমি কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ মালয়েশিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান থেকে তিনি পোস্টটি দেন।

অন্যদিকে ট্রাম্পের প্রতিক্রিয়ার পর অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ঘোষণা দিয়েছেন, বিতর্কিত ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলা হবে। শুক্রবার তিনি জানান, প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনার পর বিজ্ঞাপন প্রচার স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দুই দেশের বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করা যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কানাডার পণ্যের ওপর গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ইস্পাতে ৫০ শতাংশ ও অটোমোবাইল খাতে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে। কানাডার তিন-চতুর্থাংশ রপ্তানি যায় যুক্তরাষ্ট্রে, যার বড় অংশ অন্টারিও প্রদেশ থেকে আসে।

এদিকে রিগ্যানের বক্তব্য ব্যবহারের ঘটনায় রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনও বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্টারিও সরকার অনুমতি ছাড়াই বক্তব্যটি ব্যবহার করেছে এবং তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

জি–৭ দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি একমাত্র কানাডা।

শেয়ার করুন