রাশিয়ার উরাল অঞ্চলের চেলিয়াবিনস্কে অবস্থিত একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আরও ১৯ জন আহত হয়েছেন। বিস্ফোরণ কোপেইস্ক জেলায় সংঘটিত হয়েছে, যা কাজাখস্তান সীমান্তের কাছে অবস্থিত।
স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার জানিয়েছেন, বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, “এটি কোনো ড্রোন হামলা ছিল না।”
কারখানায় রুশ সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক পদার্থ তৈরি ও পুনঃপ্রক্রিয়াজাত করা হতো। ঘটনার স্থানে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও উদ্ধার তৎপরতা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলেছিল। এছাড়া গভর্নর জানিয়েছেন, অন্তত ১০ জন কর্মীর খোঁজ এখনও পাওয়া যায়নি।
কারণ ও দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার জন্য ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় শুক্রবার উরাল অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে।
বিবিসি ভেরিফাই জানিয়েছে, দুটি ভিডিওতে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে—একটি সিসিটিভি ফুটেজ যা তিন কিলোমিটার দূর থেকে ধারণ করা, আরেকটি গাড়ি থেকে তোলা, যেখানে বিশাল আগুনের বলয় দেখা যায়।





