মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ — মন্তব্য জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্রন্টলাইনে চলমান যুদ্ধ থামানোর প্রস্তাবটি “একটি ভালো সমঝোতা” হতে পারে। তবে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রস্তাবে রাজি হবেন কি না।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নরওয়ের রাজধানী অসলো সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ট্রাম্পের প্রস্তাব ছিল— “আমরা যেখানে আছি, সেখান থেকেই আলোচনা শুরু করা হোক।”

জেলেনস্কি বলেন, “আমি মনে করি, এটি একটি ভালো সমঝোতা। তবে আমি নিশ্চিত নই, পুতিন এতে সম্মতি দেবেন কি না। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকেও এই কথাই বলেছি।”

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের অবসান ঘটানোর আন্তর্জাতিক প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে আছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প মস্কো ও কিয়েভ উভয়কেই তাদের বর্তমান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) ট্রাম্প জানান, তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রেখেছেন, কারণ তিনি “অকার্যকর কোনো বৈঠক” চান না।

অন্যদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার বলেছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যকার ওই সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রস্তুতি এখনও চলমান রয়েছে।

শেয়ার করুন