অপু দাস ( স্টাফ রিপোর্টার ) :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ১০ মাস বয়সী মাবিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ পাঠানো এক প্রতিবেদনে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পরিবারের বরাত অনুযায়ী, মাবিয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। গত ৮ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাকে রামেক হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যায় অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত সোয়া ১০টার দিকে মারা যায় শিশুটি। প্রতিবেদনে জানানো হয়, মাবিয়ার কোনো ভ্রমণ ইতিহাস ছিল না।
রামেক হাসপাতালের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ৭ শিশুসহ মোট ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৭ জন রোগী।
রামেক হাসপাতালের মুখপাত্র জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে এক হাজার ৩২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানি ঘটেছে।
ডেঙ্গুর বিস্তার রোধে বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, আবহাওয়ার অনুকূলে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এখনই সচেতনতা বাড়ানো জরুরি।





