বাংলার চোখ নিউজ :
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) যেন উত্তেজনার পারদ তুঙ্গে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সম্প্রতি আয়োজিত এক মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে সেখানে তুমুল হুলুস্থুল বেধে গেছে। চিত্রনায়ক ও জাসাস আহ্বায়ক হেলাল খান সরাসরি চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে উদ্দেশ করে বলেছেন—‘তুই ফ্যাসিস্ট!’ মুহূর্তেই এফডিসি চত্বর দুজনের উত্তপ্ত বাক্যবিনিময়ে সরগরম হয়ে ওঠে।
কর্মসূচি শেষ হতেই মেজাজ চড়ে যায় হেলাল খানের। সোজাসুজি শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয়ের মুখোমুখি হন। মুহুর্তেই পরিস্থিতি গরম হয়ে ওঠে। জয় বিষয়টি বুঝিয়ে ঠান্ডা করার চেষ্টা করলেও হেলাল খানের ক্ষোভ যেন আরও উসকে যায়। এ সময় সমিতির সামনে বসে থাকা লোকজনকে দেখে আরও চটে যান তিনি এবং মন্তব্য করেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে জয় চৌধুরী গণমাধ্যমকে জানান, শিল্পী সমিতির সামনে যারা বসে ছিলেন তারা মূলত বাইরের কিছু লোক এবং অভিনেতা ডি এ তায়েবের ভক্ত। ডি এ তায়েব আসতে একটু দেরি করায় তারা সেখানে অপেক্ষা করছিলেন এবং তার জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন।
উল্লেখ্য, রোববারের ওই মানববন্ধনে হেলাল খান ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের বহু পরিচিত মুখ।





