জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান বড় পর্দা থেকে শুরু করে ওটিটি—সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় থাকেন তিনি। এবার ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে নতুন সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
জামদানি শাড়ি পরা কয়েকটি নতুন ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে তাকে দেখা গেছে সি-গ্রিন রঙের নকশাদার একটি জামদানি শাড়িতে। সাজে ছিল সরলতা ও আভিজাত্যের ছোঁয়া—কানে বড় আকৃতির কানপাশা এবং কপালে ছোট লাল টিপে সম্পূর্ণ হয়েছে তার লুক। ছবিতে অভিনেত্রীর কোমল অভিব্যক্তি ও মিষ্টি হাসি সহজেই নজর কাড়ে।
পোস্টের ক্যাপশনে কবিতার একটি পঙ্ক্তি যুক্ত করেছেন তিনি—‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত ও শুভানুধ্যায়ীরা অভিনেত্রীর রূপের প্রশংসায় ভরিয়ে দেন। একজন লিখেছেন, ‘শাড়িতেই বাঙালি নারীর সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে।’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনাকে ভীষণ সুন্দর লাগছে, একেবারে শান্ত ও স্নিগ্ধ।’
উল্লেখ্য, টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন রুনা খান। পরে ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।





