অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও সড়কে নামার ঘোষণা দিয়েছেন। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে আলোচনায় আসা বাঁধন এবার প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। তিনি এই সময় নিজেকে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে পরিচয় দেবেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে পোস্টে বাঁধন লিখেছেন, “এই সময়ে চুপ থাকা অপরাধ, এই সময়ে কথা বলাই প্রতিবাদ। সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিগোষ্ঠী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের ওপর আক্রমণ এবং আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ফ্যাসিবাদের স্পষ্ট আলামত।”
শিল্পী, সাহিত্যিক, চিন্তক ও সংস্কৃতিকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা মনে করেন আমরা সবাই মিলে দেশ গড়ব, তাদের আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে সাতমসজিদ রোড, আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে উপস্থিত হওয়ার আহ্বান জানাই।”
দেশের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন জানান, “আমার কাছে মনে হয়েছে, আমরা যা চাইেছিলাম, সেভাবে সবকিছু হচ্ছে না। শিল্পী হিসেবে আমি আমার জায়গা থেকে পথে নেমে প্রতিবাদ করব। প্রয়োজন হলে একাইও দাঁড়াব।” নিজের নিরাপত্তা নিয়ে তিনি স্বীকার করেন, “শঙ্কিত, তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে।”





