বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগের জটিলতা আরও বাড়ল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের নিজের বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি অভিযানের মুখোমুখি হন শিল্পা।
এদিন আয়কর দপ্তরের কর্মকর্তারা ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে বাড়িতে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। এর আগে বুধবার দাদারের ‘ব্যাস্টিয়ন’ রেস্তোরাঁতেও আয়কর তল্লাশি চালানো হয়েছিল।
শিল্পা শেঠি সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন রেস্তোরাঁ চালুর ঘোষণা দিয়েছিলেন। এমন পরিস্থিতির মধ্যেই, অর্থনৈতিক অপরাধ দমন শাখার মামলা চলাকালীন তার বাড়ি ও রেস্তোরাঁতে তল্লাশি চালানো হলো।
একটি পোস্টে শিল্পা লেখেন, “অপেক্ষা সার্থক হবে। এই রেস্তোরাঁ আমি আমার সংস্কৃতির উৎসকে উৎসর্গ করছি। এখানে খাবার খেলে বাড়ির কথা মনে হবে। ‘ব্যাস্টিয়ন’-এর জনপ্রিয় খাবারগুলোও থাকবে।”
এক ভিডিও শেয়ারে শিল্পা আরও জানিয়েছেন, “রান্নাঘর প্রস্তুত, দরজা খোলার জন্য সব ঠিক আছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় রেস্তোরাঁ চালু হচ্ছে।” তিনি অনুরাগীদের আমন্ত্রণও জানান।
এদিকে, বেঙ্গালুরুর ‘ব্যাস্টিয়ন’ শাখার ক্ষেত্রে নতুন জটিলতা দেখা দিয়েছে। রাজ্য সরকারের নির্ধারিত সময়সীমা অমান্য করে রেস্তোরাঁ খোলা রাখায় প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছে শিল্পার ব্যবসা।





