সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘দঙ্গল’কে ছড়িয়ে, একের পর এক নজির গড়ে বলিউড কাঁপাচ্ছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

ভারতের বক্স অফিসে আমির খানের ‘দঙ্গল’ যে মাইলফলক গড়েছিল, তা ভাঙতে সময় নিল মাত্র ১২ দিন। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ মুক্তির দ্বাদশ দিনেই সেই রেকর্ড অতিক্রম করে নতুন ইতিহাস তৈরি করেছে। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে একের পর এক নজির গড়ে চলেছে ছবিটি।

মুক্তির আগে বড় পরিসরে প্রচার না থাকলেও বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহ পেরোনোর আগেই ছবিটি ‘পুষ্পা ২’ ও ‘ছাওয়া’-র সংগ্রহ ছাড়িয়ে যায়। এরপর দ্বিতীয় সপ্তাহে পা রেখেই আরও এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে আদিত্য ধরের এই ছবি।

ভারতের বক্স অফিসে ‘দঙ্গল’ আজও অন্যতম সফল ছবি হিসেবে বিবেচিত, যার মোট আয় ছিল ৩৮৭ কোটি টাকা। কিন্তু মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ‘ধুরন্ধর’ দেশে ৪০০ কোটি টাকার বেশি আয় করে সেই রেকর্ডকে ছাপিয়ে গেছে। একই সঙ্গে রণবীর কপূর অভিনীত ‘সঞ্জু’-র সংগ্রহকেও পিছনে ফেলেছে ছবিটি। উল্লেখ্য, ‘সঞ্জু’ ভারতে মোট ৩৪২ কোটি টাকার ব্যবসা করেছিল।

বলিউডের বক্স অফিস ইতিহাসে ‘দঙ্গল’ ও ‘সঞ্জু’ এই দুই ছবি দীর্ঘদিন ধরে শীর্ষ সাফল্যের তালিকায় ছিল। সেই দুই জনপ্রিয় ছবির নজির একসঙ্গে ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তবে এখনও ভারতের বক্স অফিসে আয়ের নিরিখে এগিয়ে রয়েছে কয়েকটি ছবি। তালিকার শীর্ষে রয়েছে ‘জওয়ান’, যার আয় ৬৪৩.৮৭ কোটি টাকা। এরপর রয়েছে ‘স্ত্রী ২’ (৬২৭ কোটি), ‘অ্যানিম্যাল’ (৫৫৬.৩৬ কোটি), ‘পাঠান’ (৫৪৩.০৫ কোটি) এবং ‘গদর ২’ (৫২৫.৪৫ কোটি টাকা)।

তবে বক্স অফিস বিশেষজ্ঞ ও অনুরাগীদের একাংশের ধারণা, এই ছবির গতি বজায় থাকলে উপরোক্ত ছবিগুলোর রেকর্ডও ভাঙতে পারে ‘ধুরন্ধর’। রণবীর সিং অভিনীত এই ছবি নিয়ে প্রত্যাশা ক্রমেই বাড়ছে।

এদিকে, ছবিটি ঘিরে বিতর্কও কম নয়। সমালোচকদের একাংশ একে ‘প্রোপাগান্ডা’ ছবি বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি পর্দায় অতিরিক্ত হিংসার প্রদর্শন নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব বিতর্ক বক্স অফিসে ছবির সাফল্যে কোনও প্রভাব ফেলতে পারেনি।

এই ছবির হাত ধরেই রণবীর সিং নিজের আগের দুই জনপ্রিয় ছবি ‘সিম্বা’ ও ‘পদ্মাবত’-এর বক্স অফিস সংগ্রহের রেকর্ডও ছাপিয়ে গেছেন। সব মিলিয়ে, বিতর্কের মাঝেও ‘ধুরন্ধর’ এখন বলিউডের অন্যতম সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

শেয়ার করুন