বলিউডের সুপারস্টার নোরা ফাতেহি শুধু দেশীয় নয়, বৈশ্বিকভাবে বহু ভক্তকুলের প্রিয়। বাংলাদেশে তার ফ্যান ফলোয়ারের উপচেপড়া ভিড় থাকায় তার কোনও কাজ সবসময়ই বেশি নজর কাড়ে। এবার সেই নজরকাড়া মুহূর্ত এসেছে, যখন নোরা ফাতেহি প্রথমবার বাংলাদেশের শিল্পীর গানের সঙ্গে নাচলেন।
এবার নোরা ফাতেহি নাচলেন দেশের সফল সুকণ্ঠী দিলশাদ নাহার কণার নতুন গানচিত্র ‘মেহেন্দি’-র সঙ্গে। গানটি সুর ও সংগীত করেছেন সঞ্জয়, আর কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।
ভিডিওতে দেখা যায়, নোরা ফাতেহি হালকা মেজাজে নাচছেন। তার সঙ্গে সঙ্গ দিচ্ছেন সংগীতপরিচালক সঞ্জয়ও। নাচের মুহূর্ত ভিডিও আকারে সঞ্জয় ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি’।
ভিডিওটি প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যে ১০ হাজারের বেশি রিঅ্যাকশন পেয়েছে। নোরা নিজেও ভিডিওতে মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।
ভক্ত ও অনুরাগীরা ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ’। উল্লেখযোগ্য, ৫ ডিসেম্বর প্রকাশিত ‘মেহেন্দি’ গানচিত্রটি এখন পর্যন্ত ৪৫ লাখের বেশি ভিউ পেয়েছে।





