রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন বছরের শুরুতেই গোলাপ’ নিয়ে ফিরছেন পরী  

ঢালিউড চিত্রনায়িকা পরীমণিকে পর্দায় নতুন রূপে দেখতে দীর্ঘদিন ধরে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সুখবর মিলেছে, নতুন বছরের শুরুতেই তিনি হাজির হচ্ছেন নতুন সিনেমা ‘গোলাপ’ নিয়ে।

‘গোলাপ’ সিনেমাটির নির্মাণ ঘোষণা আসার প্রায় ১১ মাস পেরিয়েছে, কিন্তু গল্পের জটিলতার কারণে শুটিং শুরু হয়নি। এটি পরীমণি ভক্তদের মধ্যে হতাশা তৈরি করেছিল। তবে সম্প্রতি নির্মাণ প্রক্রিয়া নতুন গতিতে এগোতে শুরু করেছে।

নির্মাতা সামছুল হুদা জানিয়েছেন, বহুদিনের প্রতীক্ষার পর ‘গোলাপ’ এবার সত্যিই ক্যামেরার সামনে আসছে। সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নিরব।

শুটিং পিছিয়ে যাওয়ার মূল কারণ ছিল গল্পের কিছু অংশে পরিবর্তনের প্রয়োজন। দীর্ঘ আলোচনার পর গল্পটি নতুনভাবে সাজানো হয়েছে।

‘গোলাপ’ ছবিটি ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা এবং রহস্যকে কেন্দ্র করে নির্মিত হবে। নির্মাণ দল জানিয়েছে, সব পরিকল্পনা ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, দর্শকরা পরীমণিকে এক নতুন রূপে দেখার সুযোগ পাবেন এবং গল্পের কাহিনি ও চরিত্রের ভিন্নধর্মী উপস্থাপনাকে প্রশংসা করবেন।

শেয়ার করুন