সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন বছরে, প্রেমের নতুন রঙে ফুটবে নিরব-পরীমনির গোলাপ

এ বছরের শুরুতেই ঘোষণা আসে সিনেমা ‘গোলাপ’-এর। প্রধান চরিত্রে দেখা যাবে নিরব হোসেন ও পরীমনিকে। সিনেমার নির্দেশনা দেবেন সামছুল হুদা। নির্মাতা গত ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ঘোষণা থেকে ১১ মাস পেরিয়েও সিনেমার কোনো কার্যক্রম শুরু হয়নি।

সূত্রের খবর অনুযায়ী, এখনও শুটিং শুরু হয়নি। পরিচালক সামছুল হুদা জানান, নানা জটিলতার কারণে এই বছর শুটিং সম্ভব হয়নি। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নতুনভাবে শুটিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্মাতা বলেন, “গল্প সংক্রান্ত কিছু সমস্যা ছিল। পুরো টিমের সঙ্গে পর্যালোচনা করে গল্পটি পরিমার্জন করেছি। এরপর নতুনভাবে শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, অভিনয়শিল্পীদের সঙ্গে নতুন শিডিউল এবং গল্পের বিষয়েও আলোচনার কাজ হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান অনুমোদন দেয়ার পর শুটিং শুরু করার সময় জানানো হবে।

নিরব হোসেনও বিষয়টি নিয়ে জানান, “দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দিতে চাই। তাই গল্প নিয়ে আমরা যথেষ্ট খুঁতখুঁতে ছিলাম। নির্মাতার সঙ্গে নানা সময় আলোচনা হয়েছে। কিছু সংশোধনের পর শুটিং শুরু করা হবে। আমি এই বছর বেশিরভাগ সময় দেশে বাইরে ছিলাম। সব মিলিয়ে কাজ শুরু করা যায়নি। গল্প এখন চূড়ান্ত, চিত্রনাট্য প্রায় শেষ। আশা করছি নতুন বছরে শুটিং শুরু করতে পারব।”

‘গোলাপ’ সিনেমা তৈরি হচ্ছে গল্পের থ্রিলার ধারায়। এতে থাকবে অ্যাকশন দৃশ্য। নির্মাতা জানান, এটি মূলত একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে ছোট শহরের রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠবে। সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

শেয়ার করুন