ভারতীয় বাংলা ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ২০২৪ সালের অক্টোবরে নতুন প্রেমের খবর প্রকাশ করেন। এরপর থেকে নায়িকাকে প্রেমের সম্পর্ক নিয়ে সবরকম গোপনীয়তা এড়িয়ে চলতে দেখা গেছে। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তিনি পাহাড়-জঙ্গল ঘুরে বেড়াতে ও একসঙ্গে সময় কাটাতে আগ্রহী।

মধ্যমার্চে মধুমিতা জানিয়ে দেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে তারা একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন। সম্পর্কের আনন্দ ও নানা মুহূর্ত দুজনেই ভাগাভাগি করে উপভোগ করছেন হোক সেটা পাহাড়ে ছুটি কাটানো বা পোষ্যদের সঙ্গে সময় কাটানো। প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি মধুমিতা ও দেবমাল্যর বিয়ের আসর বসবে। আয়োজনটি হবে বারুইপুর রাজবাড়িতে, যেখানে নায়িকা ও তার বর সাবেকি সাজেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে ইচ্ছুক। রিসেপশন অনুষ্ঠান ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে। বিনোদন দুনিয়ার বহু তারকা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

মধুমিতা ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর তিনি সিনেমার জগতে পদার্পণ করেন। তার সিনেমার তালিকায় রয়েছে ‘পরিবর্তন ‘লাভ আজ কাল পরশু ‘চিনি’‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’ সহ একাধিক ছবি।
এর আগে অল্প বয়সেই তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে এবং সেই বছরই দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মধুমিতার পরিচয় হয়, যেখান থেকে তাদের প্রেমের গল্প শুরু হয়।





