আমির খানের ব্যক্তিগত জীবনে প্রেম ও সম্পর্কের নতুন অধ্যায় আবারও আলোচনায় এসেছে। গৌরীর আগেই রিনা দত্ত ও কিরণ রাও দু’জনের সঙ্গেই দাম্পত্য জীবনে ছিলেন এই অভিনেতা। কিরণের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর তিনি দীর্ঘ সময় নিজেকে প্রেমের অনুভূতি থেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছিলেন। এমনকি এক সময় ভেবেছিলেন, জীবনে আর নতুন করে প্রেম আসবে না। তবে ৬০ বছর বয়সে এসে সেই ধারণাই বদলে গিয়েছে। নিজের জন্মদিনে আমির নিজেই জানান, তিনি আবার প্রেমে পড়েছেন। তাঁর জীবনে নতুন মানুষ হিসেবে এসেছেন গৌরী স্প্র্যাট।

সম্প্রতি এক আলোচনাসভায় নতুন এই সম্পর্ক নিয়ে নিজের অনুভূতির কথা খোলাখুলি জানান আমির। তিনি বলেন, গৌরী তাঁর জীবনে এনে দিয়েছেন মানসিক প্রশান্তি এবং স্থিরতা। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর সঙ্গে পরিচয়ের প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, “ও আমার জীবনে যে শান্তি আর ভারসাম্য এনে দিয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। গৌরী সত্যিই একজন অসাধারণ মানুষ। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, ওর সঙ্গে আমার দেখা হয়েছে।” নিজের অতীত সম্পর্ক নিয়েও এ দিন কথা বলেন আমির খান। তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দু’জনের সঙ্গেই বিচ্ছেদের পরেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে বলে জানান তিনি। অভিনেতার কথায়, “আমার বিবাহিত সম্পর্কগুলো হয়তো টেকেনি, কিন্তু এই দুই মানুষের সঙ্গে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কাটাতে পেরেছি, সেটাকেও আমি সৌভাগ্য বলেই মনে করি। আর এখন আমার জীবনে এসেছে গৌরী। প্রত্যেকেই কোনও না কোনও সময় আমার জীবনের বড় অংশ হয়ে উঠেছে।”

বিয়ে ভেঙে যাওয়ার পর সম্পর্ক ছিন্ন হয়ে যায় এমন বিশ্বাসে তিনি আস্থা রাখেন না বলেও স্পষ্ট করেন আমির। রিনা ও কিরণকে আজও নিজের পরিবারের অংশ হিসেবে দেখেন তিনি। তাঁর স্বীকারোক্তি, “স্বামী-স্ত্রী হিসেবে আমরা সফল হইনি বলে মানুষ হিসেবে আমাদের সম্পর্কও শেষ হয়ে যাবে এটা আমি মানি না। রিনার প্রতি আমার গভীর ভালোবাসা আর শ্রদ্ধা রয়েছে, কিরণের প্রতিও একই অনুভূতি কাজ করে। আমরা হয়তো আর দম্পতি নই, কিন্তু আমরা এখনও একে অপরের পরিবার। রিনার বাবা-মা, কিরণের বাবা-মা আর আমার বাবা-মা সবাই মিলেই আমরা এক বড় পরিবারের অংশ।”
এভাবেই অতীতের সম্পর্ককে সম্মান জানিয়ে নতুন প্রেমের পথে এগিয়ে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।





