মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তিনি শুধু তার সন্তানের মা নন, সারা দেশের কোটি কোটি সন্তান তার: কনকচাঁপা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

কনকচাঁপার ফেসবুকে দেওয়া দুই পোস্ট ঘিরে চলছে ব্যাপক আলোচনা। এক পোস্টে তিনি লিখেছেন, ‘দেশজুড়ে খালেদা জিয়ার রয়েছে কোটি কোটি সন্তান।’

সোমবার এক সংক্ষিপ্ত পোস্টে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কনকচাঁপা জানান, ‘ফি আমানিল্লাহ্! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহ্‌র বিশেষ রহমত প্রার্থনা করছি! সবাই দোয়া করুন।’ তার পোস্টের পরই অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে মন্তব্য করেছেন।

এর কয়েক দিন আগে দীর্ঘ এক স্ট্যাটাসে কনকচাঁপা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের নানা কঠিন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি লিখেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর খুব অল্প বয়সে বৈধব্য বরণ করা, রাজনীতির চূড়ান্ত সময়কার গ্রেফতার, মিথ্যা মামলায় কারাগার, স্লো পয়জনিংয়ের ভয় ও মৃত্যুভয়—সব কিছুর মধ্যেও খালেদা জিয়া ছিলেন অবিচল ও সাহসী।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, অসুস্থ সন্তানের কাছে যাওয়ার আকুতি থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা—এসব বিষয় তাকে আপ্লুত করেছে। কনকচাঁপার ভাষায়, তিনি শুধু তার সন্তানের মা নন, সারা দেশজুড়েই কোটি কোটি সন্তান তার।

খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের ‘মা’ হিসেবে পরিচিত করে কনকচাঁপা সুদীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির ‘একটি সুন্দর বিজয়’ দেখার তৌফিকের জন্য দোয়া করেছেন।

শেয়ার করুন