ওপার বাংলার দুই অভিনেতার দ্বন্দ্বের প্রভাবে ধারাবাহিক নাটক ‘চিরদিনই তুমি যে আমার’-এর সংশ্লিষ্টরা বিপাকে পড়েছেন। পাল্টাপাল্টি অভিযোগ ও বৈঠকেও সমাধান না হওয়ায় দিতিপ্রিয়া রায় জিতু কমলের সঙ্গে দ্বন্দ্বের কারণে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান।
এবার জীতু কমলও ঘোষণা দিয়েছেন, এটাই তার শেষ ধারাবাহিক। শনিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটাই আমার শেষ মেগা সিরিয়াল। এরপর আর কোনো ধারাবাহিকে অভিনয় করব না।’
জীতু দিতিপ্রিয়ার নাম উল্লেখ না করে বলেন, ‘আমাদের কলাকুশলী, প্রযোজনা সংস্থা ও চ্যানেল একটি চ্যালেঞ্জ নিয়েছে। আশা করি, দর্শকরা আমাদের পাশে থাকবেন। কাজ বন্ধ হলে টিমের কলাকুশলীর সমস্যাও হবে।’
ধারাবাহিকের অপর্ণা চরিত্রে দিতিপ্রিয়ার পরিবর্তে নতুন যোগ হয়েছেন অপু শিরিন। জীতু নতুন শিল্পীর জন্য দর্শকদের আশীর্বাদ চেয়েছেন এবং বলেন, ‘আজ থেকে নতুন পথচলা শুরু। অনুরোধ, ওকে আশীর্বাদ করুন।’
ভিডিওর শেষে জীতু আবারও উল্লেখ করেন, ‘এটাই আমার শেষ মেগা সিরিয়াল। পরবর্তী যেকোনো কাজ মন দিয়ে করতে চাই। আশা করি, দর্শকরা পাশে থাকবেন।’





