ঢালিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মেগাস্টার শাকিব খান। তার যেকোনো কাজ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে। সিনেমা হোক বা বিজ্ঞাপন তার প্রতিটি নতুন লুকই ভাইরাল হয়ে যায় অনায়াসে।
সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে অংশ নেওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি। বিজ্ঞাপনটি প্রকাশের পর ভিন্নরূপে ধরা দেওয়া শাকিবের প্রতি দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। সেই বিজ্ঞাপনের শুটিং থেকে পাইলট রূপে তোলা কয়েকটি আলাদা ছবি তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করলে সেটিই নতুন করে তোলপাড় সৃষ্টি করে অনলাইনে।
ছবিগুলোতে দেখা যায়, নেভি-ব্লু রঙের ক্যাপ্টেন ইউনিফর্ম, গম্ভীর অভিব্যক্তি, নিখুঁত সাজসজ্জা সঙ্গে গাঢ় সানগ্লাস ও পরিচ্ছন্ন গোঁফে এক ভিন্ন শাকিব খান। ভক্তদের মুগ্ধ করে তিনি ক্যাপশনে লিখেছেন, “আকাশ কোনো সীমা নয়, বরং পথচলার সূচনা।”
প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ছবিগুলো ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পায়। মন্তব্যে ভক্তরা জানান প্রশংসা। কেউ লিখেছেন, “আমাদের ক্যাপ্টেন শাকিব!” অন্য একজনের মন্তব্য, “চলচ্চিত্রের পাইলট এসেছেন।”
তবে অনেকেই প্রশ্ন তুলেছেন ছবিগুলো কি এআই তৈরি? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যায়। যদিও মেটা এআই বা চ্যাটজিপিটির কোনো সিস্টেমই সেগুলোকে এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করতে পারেনি।
এদিকে শাকিব খান তার আগামী ছবি ‘সোলজার’ নিয়েও দারুণ আলোচনায় আছেন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এ সিনেমায় তিনি থাকছেন দেশপ্রেমিক এক চরিত্রে, যে একাই দুর্নীতি, সিন্ডিকেট আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লড়বে।





