ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও দেশের খ্যাতিমান গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সম্প্রতি অসুস্থ হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যানসারসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
ফিডব্যাক গঠনের আগেই সেলিম হায়দার তাঁর প্রথম ব্যান্ড ‘সন্ন্যাসী’-তে যুক্ত ছিলেন। এ ব্যান্ডের ভোকাল ছিলেন প্রয়াত সংগীতশিল্পী শেখ ইশতিয়াক।
পরবর্তীতে তিনি ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে নিয়মিত গিটার বাজান। সর্বশেষ তিনি ‘উল্লাস’ এবং ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ ব্যান্ডে কাজ করছিলেন।
শাফিন আহমেদ ও হামিন আহমেদের প্রথম ব্যান্ডেও তিনি গিটার বাজিয়েছেন। রুনা লায়লাসহ দেশের বহু বরেণ্য শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। অসংখ্য সিনেমার গানেও তাঁর গিটারের সুর ব্যবহৃত হয়েছে।
তার সুরে ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান— ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’— এখনও সমানভাবে শ্রোতাপ্রিয়।
অন্তর্মুখী স্বভাবের সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট হলেও বেজ, রিদম ও কি–বোর্ড বাজাতেও ছিলেন সমান দক্ষ।





