মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু

মৃত্যুর গুজব দিন কয়েক আগে ছড়িয়েছিল। তবে এবার সেই গুঞ্জন সত্যি হয়ে বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র দেওল প্রয়াত হয়েছেন। ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার জানিয়েছে, ৮৯ বছর বয়সে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দেশটির সংবাদ সংস্থা আইএএনএসের খবর, দীর্ঘ অসুস্থতার পর ধর্মেন্দ্র সিং দেওল সকালে নিজ বাসায় মারা যান। তার মৃত্যু খবরে শোক জানিয়েছেন প্রযোজনা সংস্থা ধর্ম প্রডাকশন্স, করণ জোহরসহ আরও অনেকে।

তবে পরিবারের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার বেলায় দুঃসংবাদ ছড়িয়ে পড়লে বলিউড পাড়া শোকে কাতর হয়ে ওঠে। এখনও আনুষ্ঠিক বিবৃতি দেননি দেওল পরিবার।

ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, সকালে মৃত্যুর গুজব ছড়ানোর আগে ভিলে পার্লে শ্মশানে পৌঁছে গেছেন তার স্ত্রী হেমা মালিনী। সঙ্গে ছিলেন মেয়ে এষা দেওল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও অন্যান্য। অভিনেতার বাড়ির সামনে সকালেই দেখা গেছে অ্যাম্বুলেন্স। এরপরই ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। তবে ভারতীয় শীর্ষস্থানীয় মিডিয়া এই গুজবকে সত্য বলে দাবি করেছে।

ধর্মেন্দ্রর মৃত্যু ভারতের সিনেমার ছয় দশকের সোনালি অধ্যায়ের সমাপ্তি চিহ্নিত করে। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর গুঞ্জন ছড়েছিল, কিন্তু তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এবার আর ফেরেননি।

ছয় দশকের ক্যারিয়ারে ধর্মেন্দ্র ছিলেন রোমান্টিক নায়ক, অ্যাকশন হিরো ও কমেডি কিং—সব ভুমিকায় তার অবদান প্রমাণিত। ১৯৬০ সালে অভিনয় জীবন শুরু করে একের পর এক চমকপ্রদ চরিত্রে দর্শকদের মন জয় করেছেন। ঝুলিতে রয়েছে ৩০০-এর বেশি ছবি। ১৯৯৭ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ২০১২ সালে পদ্মভূষণ উপাধি লাভ করেছেন তিনি।

শেয়ার করুন