মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দীপিকা পাডুকোনের জায়গায় তৃপ্তি দিমরি প্রভাসের বিপরীতে নায়িকা ‘স্পিরিট’-এ

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এ প্রথমে নায়িকা হিসেবে দীপিকা পাডুকোনের নাম শোনা গেলেও শেষ মুহূর্তে চূড়ান্ত করা হয়েছে ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। প্রভাসের সঙ্গে এই নতুন জুটি সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

রোববার (২৪ নভেম্বর) হায়দরাবাদে অনুষ্ঠিত জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার শুটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে তৃপ্তি দিমরির নাম প্রকাশ্যে আসে প্রভাসের নায়িকা হিসেবে। মহরতের সময় ঐতিহ্যবাহী পোশাকে প্রাণবন্তভাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী, যিনি ক্ল্যাপস্টিক বাজিয়ে শুটিংয়ের শুভসূচনা করেন এবং পুরো টিমকে আশীর্বাদ জানান। এই মুহূর্তের ছবি এবং তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণী ও বলিউড সিনেমার বিশিষ্ট বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

সিনেমা ‘স্পিরিট’-এ প্রভাস অভিনয় করছেন একজন রাগী ও আপসহীন পুলিশ অফিসারের চরিত্রে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিগনেচার শৈলী অনুযায়ী, সিনেমার আবহ ‘ডার্ক’ ও ‘ইনটেন্স’ ঘরানার। তৃপ্তি দিমরি ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়, প্রকাশ রাজ এবং বর্ষীয়ান অভিনেত্রী কাঞ্চনা।

টি-সিরিজ ব্যানারে প্রযোজনা করছেন ভূষণ কুমার, যিনি আশা প্রকাশ করেছেন সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে।

উল্লেখযোগ্য, প্রাথমিকভাবে দীপিকা পাডুকোনকে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল, তবে তিনি সিনেমার শুটিং সংক্রান্ত কিছু শর্ত (প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করা) জুড়ে দিয়েছিলেন। সিনেমার বিশাল স্কেল এবং পরিচালকের চাহিদার সঙ্গে শর্তগুলো মেলেনি। ফলে প্রযোজনা সংস্থা সিদ্ধান্ত নেন, দীপিকাকে বাদ দিয়ে তৃপ্তি দিমরিকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হবে।

শেয়ার করুন