অভিনেত্রী তানজিন তিশা নতুন অভিযোগের মুখে পড়েছেন। ‘যুগল শাড়ি’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান অভিযোগ করেছেন, তিশা তার প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এই বিষয়ে তিশা গণমাধ্যমকে বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং প্রযোজক শরীফ খান প্রায়ই গভীর রাতে তাকে কল দিয়ে বিরক্ত করতেন। তিশা জানান, “আমাকে চুক্তির সময়ে এক তৃতীয়াংশ টাকা দেওয়া হয়েছিল। শুটিংয়ের ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস অন্য কোনো কাজ করিনি। চুক্তিতে স্পষ্ট লেখা, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরতযোগ্য নয়।”
তিশা প্রযোজকের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “শরীফ নামে এক ব্যক্তি গভীর রাতে ফোন করে কথা বলতে চেয়েছে। এত রাতে কথা বলা পেশাদার আচরণ নয়। আমি দিনে যোগাযোগের চেষ্টা করেছি। তাছাড়া উনি প্রকৃত প্রযোজক কিনা তারও কোনো প্রমাণ নেই। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।”
তিশার আইনজীবী জসীম উদ্দিনও অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, “চুক্তি অনুযায়ী তিশা সব দায়িত্ব পালন করেছেন। তিনি শিডিউল দিয়েছেন, কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু পরিচালক ভিসা এবং শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে পারেননি। চুক্তির শর্ত অনুযায়ী এ ব্যর্থতাই পরিচালকের দায়িত্ব। তিশার পক্ষ থেকে কোনো অসহযোগিতা হয়নি। বরং শিডিউল নষ্ট হওয়ায় তিনিই ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
‘ভালোবাসার মরশুম’ ছবির মাধ্যমে তিশার ভারতীয় বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতায় সেটি সম্ভব হয়নি। এদিকে তিশা সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ ছবির শুটিং শেষ করেছেন, যা চলতি বছরের শেষদিকে মুক্তি পাবে।





