মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সালমান খানের বাড়িতে হামলার অভিযুক্ত আনমোল এবার ১১ দিনের রিমান্ডে

বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোইকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আনমোল হলেন লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই, যিনি বহুদিন ধরে পুলিশের খোঁজে ছিলেন। বুধবার (১৯ নভেম্বর) ভারতের দিল্লি বিমানবন্দরে তাকে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আনমোলকে আদালতে তোলা হলে বিচারক তাকে ১১ দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন। এনআইএ ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পরিসরে দীর্ঘদিন ধরে তাকে ধরার জন্য তৎপরতা চালানো হচ্ছিল।

চলতি বছরের এপ্রিল মাসে আনমোলকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর বুধবার তিনি ভারতে প্রত্যর্পিত হন। আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় ৩১টির বেশি মামলা দায়ের রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলাগুলো হল পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড এবং মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা। এই হত্যাকাণ্ডগুলোতে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণোই কারাগারে যাওয়ার পর আনমোল গ্যাংয়ের নেতৃত্ব গ্রহণ করেন। ২০২২ সালে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে তিনি প্রথমে নেপাল, এরপর দুবাই, কেনিয়া এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। বিদেশ থেকেও গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

এর আগে, গত বছরের এপ্রিল মাসে সালমান খানের মুম্বাইয়ের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে গুলি চালানোর ঘটনায় আনমোলের নাম জড়িত ছিল। এই ঘটনায় তার খোঁজে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও দিল্লি পুলিশ দীর্ঘদিন অনুসন্ধান চালাচ্ছিল।

গ্রেপ্তারের মাধ্যমে পুলিশের দীর্ঘদিনের তৎপরতা ফলপ্রসূ হলো, এবং ভারতের বিভিন্ন রাজ্যে চলমান তদন্ত আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন