মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুয়া খবরের প্রতিবাদে ক্ষুব্ধ নোরা ফাতেহি

মুম্বাইয়ে এক মাদক পাচারকারীর আয়োজিত ড্রাগ ও রেভ পার্টিতে নোরা ফাতেহির নাম জড়ানোর খবরে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ আখ্যা দিয়েছেন এবং বলেছেন, বারবার তাকে ‘সফট টার্গেট’ বানানো হচ্ছে।

স্টোরিতে নোরা স্পষ্ট করেছেন, তিনি এই পার্টির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তার কথায়, “আমি পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটেই থাকি। আমি ভয়ঙ্কর ওয়ার্কহোলিক, বলতে গেলে আমার কোনো ব্যক্তিগত জীবনই নেই। এ ধরনের মানুষের সঙ্গে নিজেকে যুক্ত করি না। ছুটির দিনে দুবাইয়ের সৈকতে বা হাই স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই।”

ভক্তদের উদ্দেশে নোরা অনুরোধ করেছেন, যাচাই না করে কোনো প্রতিবেদনে বিশ্বাস না করার জন্য। তিনি বলেন, “আমার নাম খুব সহজ টার্গেট। কিন্তু এবার তা হতে দেব না! এর আগেও একবার চেষ্টা হয়েছিল—মিথ্যা ছড়িয়ে আমাকে ধ্বংস করতে চেয়েছিল সবাই। দেখেছি কিভাবে আমার নাম কলঙ্কিত করতে, খ্যাতি নষ্ট করতে, আমাকে ক্লিকবাইট বানাতে চেষ্টা করা হয়েছে।”

নোরা ফাতেহি স্পষ্ট করেছেন, মিথ্যা তথ্য ছড়ানোয় এবার আর চুপ করে থাকবেন না।

শেয়ার করুন