মিস ইউনিভার্স ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা, যিনি শুরু থেকেই প্রতিযোগিতার আলোচনায় রয়েছেন। ‘পিপলস চয়েস’ বিভাগে তিনি কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন এবং বিশ্বব্যাপী ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে তার লড়াই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
কিন্তু সাম্প্রতিক দিনগুলোয় পরিস্থিতি কিছুটা বদলেছে। বিকিনি রাউন্ডে অংশ নেওয়ার পর মিথিলাকে একাংশ সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং ভোটেও তার অবস্থান কিছুটা পিছিয়ে গেছে। এ পরিস্থিতিতে মিথিলা আবারও জনগণের প্রতি সরাসরি আবেদন জানিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আবেগঘন একটি পোস্টে তিনি লেখেন, “পিপলস চয়েস”-এ শুধু কয়েকটি ভোট বাকি আছে, বাংলাদেশকে আবারও প্রথম অবস্থানে তুলে নেওয়ার জন্য সবাইকে পাশে থাকতে হবে। ১৯ তারিখের পর যাই হোক, কিন্তু এখন দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না, আমাদের দেশ পিছিয়ে পড়ুক।”
তিনি আরও বলেন, “যারা আমাদের দেশ নিয়ে হাসি–তামাশা করে, তাদের যথাযথ জবাব দিতে চাই। যদি আপনারা পাশে না থাকতেন, বাংলাদেশ কখনো এত ভোট পেত না।”
মিথিলা ফিলিপাইনের প্রতিযোগীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগও তুলেছেন। তিনি দাবি করেন, “পিপলস চয়েস”-এ তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা মিস ফিলিপাইনস ভোট কিনে বাড়াচ্ছেন। মিথিলা বলেন, “ফিলিপাইনের এখন আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে ভোট কিনে দিতে হচ্ছে। এটি আমাদের জনগণের শক্তি। শেষ মুহূর্তে হেরে যাবেন না, সবাই একটু বেশি করে ভোট দিন।”
ভোটের সময়সীমা ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। মিথিলা জানিয়েছেন, “পিপলস চয়েস”-এ শুধু কয়েকটি ভোট বাকি থাকলেও বাংলাদেশ আবারও প্রথম অবস্থানে উঠবে।
ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ নির্বাচন করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘পিপলস চয়েস’ সহ অন্যান্য বিভাগে তানজিয়া জামান মিথিলা-কে ভোট দেওয়া যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।





