বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোরা ফাতেহি অভিযোগ উড়িয়ে দিলেন, বললেন: “আমি শুধু কাজেই ব্যস্ত”

বলিউডের পরিচিত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নোরা ফাতেহি এখন নতুন করে এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং মাদক সেবনের সঙ্গে যুক্ত রয়েছে যদিও নোরা নিজে এই সব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাদক পাচারকারী সেলিম ডোলারের ছেলে তাহের ডোলা দাবি করেছেন যে, দাউদ ইব্রাহিমের আয়োজন করা একটি পার্টিতে নোরা ফাতেহি উপস্থিত ছিলেন। অভিযোগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোরা সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নোরা ফাতেহি লিখেছেন, তিনি কোনো পার্টিতে অংশ নেন না এবং অধিকাংশ সময় কাজের ব্যস্ততায় থাকেন। নোরা বলেন, “আমি সারাদিন শুটিং ও কাজের মাঝে ব্যস্ত থাকি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়ানো ঠিক নয়। ছুটির দিনগুলো বাসায় কাটাই, কিংবা দুবাইতে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় পার করি। আমার লক্ষ্য নিজস্ব স্বপ্ন পূরণ করা, তাই এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

অভিনেত্রী আরও সতর্ক করেছেন, “যারা আমার নাম ব্যবহার করে ভিত্তিহীন কাহিনী ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি—এ কাজ বন্ধ করুন। তা না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।”

কেবল নোরা নয়, একই ধরনের অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরসহ আরও কয়েকজন বলিউড তারকার নামও এসেছে। সূত্র জানিয়েছে, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পরিকল্পনা করছে।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে নেটিজেনরা নোরা ফাতেহির পক্ষ বা বিপক্ষে মন্তব্য করছেন। আইনশৃঙ্খলা সূত্রে জানা গেছে, বিষয়টি নজরে রয়েছে এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে।

শেয়ার করুন