বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবাহবার্ষিকীর দিনে বাবা-মা হলেন রাজকুমার ও পত্রলেখা

২০২৫ সাল যেন বলিউডে তারকাদের সন্তানের আগমনের ধারাবাহিক বছর হয়ে উঠেছে। একের পর এক খুশির খবর এসেছে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে সন্তান এসেছে, মা-বাবা হয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা, আবার ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলও পেয়েছেন নতুন অতিথি। এবার একই সারিতে যুক্ত হলেন রাজকুমার রাও ও পত্রলেখা। জানা গেছে, তাঁদের ঘরে কন্যাসন্তান জন্ম নিয়েছে।

নতুন বাবা-মা হয়ে উচ্ছ্বাস সামলাতে পারছেন না এই তারকা দম্পতি। বিশেষ দিনও বটে শনিবার ছিল তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে রাজকুমার লিখেছেন, “আমাদের বিবাহবার্ষিকীর দিনই ঈশ্বর সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছেন।” এরপর স্বামী-স্ত্রী দু’জনই যৌথ বিবৃতির মাধ্যমে শুভসংবাদ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন “আমরা যেন আনন্দে আকাশ ছুঁই! আমাদের জীবনে এসেছে এক কন্যা। আমরা ভীষণ খুশি।” নবজাতক ও মা দু’জনেই সুস্থ আছেন।

উল্লেখ্য, দীর্ঘ দশ বছর প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ১৫ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা। বিয়ের পর বহুবার পত্রলেখার গর্ভধারণ নিয়ে গুজব ছড়ালেও সেগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। অবশেষে চলতি বছরের জুলাইয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে জানান, তাঁদের পরিবারে নতুন অতিথি আসছে।

শেয়ার করুন