মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টেনিস থেকে মাতৃত্ব: বিচ্ছেদের পর সানিয়া মির্জার জীবনের স্পর্শকাতর মুহূর্ত

ভারতের প্রখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা ২০২৪ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের কয়েকদিনের মধ্যেই শোয়েব নতুন বিয়ে করেন। অন্যদিকে, সানিয়া মির্জা ছেলেকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে দুবাইয়ে বসবাস শুরু করেন। বিচ্ছেদের পর ছেলের দায়িত্ব এককভাবে তার কাঁধে এসে পড়েছে। পাশাপাশি, পেশাগত কাজের কারণে তিনি মাঝে মাঝে মুম্বাইতেও যান।

এই সময়ে সানিয়া মির্জার জীবনটা মোটেই সহজ ছিল না। এমন কঠিন মুহূর্তে পাশে ছিলেন কোরিওগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক ফারাহ খান। সম্প্রতি ফারাহ তাঁর ইউটিউব চ্যানেলের জন্য সানিয়ার বাড়িতে গিয়েছিলেন। যদিও সানিয়া জীবনের এই সময়টা ফারাহকে জানিয়েছিলেন, তবুও ফারাহ এক প্রশ্ন করেছিলেন—‘একাই মা হওয়ার লড়াই কেমন?’

এ প্রশ্নের উত্তরে সানিয়া জানিয়েছেন, কাজ, পড়াশোনা, সন্তানের দেখাশোনা, মাতৃত্ব— সব মিলিয়ে কখনও কখনও তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি আরও বলেন, জীবনের এই স্পর্শকাতর সময়ে ফারাহ তাঁর পাশে ছিলেন। ফারাহ জানিয়েছেন, “তুমি কাঁপছিলে। এর আগে তোমাকে ‘প্যানিক অ্যাটাক’-এর মধ্যে দেখি নি। তাই আমি শুটিং ছেড়ে পজামা আর হাওয়াই চটি পরে ছুটে গিয়েছিলাম।”

সানিয়া সম্মতি জানিয়ে বলেন, “সেদিন তোমার না থাকলে আমি শুটিং করতে পারতাম না।”

উল্লেখ্য, সানিয়া মির্জা ভারতের অন্যতম সফল মহিলা টেনিস খেলোয়াড়। ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের শীর্ষ মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে নাম করেছিলেন। তাঁর শক্তিশালী ফোরহ্যান্ড গ্রাউন্ডস্ট্রোক তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেছে। ডাবলস ও মিক্সড ডাবলসে ছয়টি গ্র্যান্ডস্লাম জয় তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জন। ২০১৫ সালে ডাবলসে বিশ্বের প্রথম ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে বিশ্ব র‍্যাংকিংয়ে এক নম্বরে পৌঁছান।

ফেডারেশন কাপে (বর্তমানে বিলি জিন কিং কাপ) ভারতকে প্রতিনিধিত্ব করা ছাড়াও সর্বাধিক ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন তিনি। সানিয়া ভারতের ক্রীড়া সম্মাননা রাজীব গান্ধী খেল রত্নসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। খেলাধুলা থেকে অবসর নেওয়ার পরও তিনি ক্রীড়া ও সমাজসেবার বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

শেয়ার করুন