বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নরেন্দ্র মোদীও গেয়েছেন ‘আমার সোনার বাংলা’, তবু বিতর্কে রাজনীতি? নচিকেতার প্রতিক্রিয়া

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’—রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানকে ঘিরে আবারও বিতর্কের সূচনা হয়েছে। কারণ এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই প্রসঙ্গে মুখ খুলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস নেতা বিধূভূষণ দাস-এর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন রবীন্দ্রনাথের এই গান গাওয়ায়। এরপর থেকেই রাজনৈতিক মহলে এই গানকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়। নচিকেতার প্রতিক্রিয়া, “এটি আমাদের গান। রবীন্দ্রনাথের গান মানে আমাদের দেশের গান। আমাদের রাজনীতিবিদরা আসলে খুব অজ্ঞ। এদের নিয়ে কিছু বলার নেই, শুধু সহমর্মিতা করা যায়।”

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার ‘আমার সোনার বাংলা’ গানটি গেয়েছেন, যা নচিকেতা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “দুর্গাপুরে নিজে মোদী যখন গানটি বলেছিলেন, তখন তো কেউ কিছু বলেনি। এর অর্থ, এই গানের সঙ্গে দেশের কোনও সম্পর্ক নেই। শুধু কিছু লোক অযথা নাটক করছে।”

নচিকেতা নিজেও অনুষ্ঠানের মঞ্চ এবং রাজনৈতিক সভায় এই গানটি গেয়েছেন। তিনি বলেন, “আমি বহুবার গানটি গেয়েছি। কেনই বা গাইব না? রবীন্দ্রনাথের গানকে আমরা গাইবই। আমাদের রাজনীতিবিদদের উচিত এই ধরনের বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করা।”

গায়ক জানিয়েছেন, তিনি বিভিন্ন বিষয়ে গান ও প্রতিবাদের মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করেছেন। নচিকেতার মন্তব্য, “আমি আমার প্রতিবাদ শেষ করেছি। যথেষ্ট প্রতিবাদ করেছি। এখন মানুষের দায়িত্ব, মানুষ এগিয়ে আসুক। সবাই busy, সময় কোথায়? কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন?”

আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নচিকেতা মনে করেন, এই ধরনের বিতর্কে কোনো প্রভাব ফেলা সম্ভব নয়। তিনি বলেন, “তারা কিছু করতে পারবে না। জেতার জন্য ভোটচুরি করছে, এটা প্রমাণিত। রাষ্ট্রযন্ত্রও নিজেদের মতো ব্যবহার করছে। এই পদ্ধতিতে রাজনীতিতে ফল আসে না।”

শেয়ার করুন