চলতি বছরের শুরুতে শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতির পর চিত্রনায়িকা অপু বিশ্বাস পরী মণিকে ঘনিষ্ঠ বন্ধুত্বের বন্ধনে টানেন। পরীকে তিনি নিজের বোন বলেও সম্বোধন করেন এবং তার ছেলের জন্মদিনেও দামী উপহার দেন। তবে সম্প্রতি নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়, যে অপু ও পরীর সম্পর্ক কিছুটা শীতল হয়ে গেছে।
গত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপুর উপস্থিতি ও বক্তব্যের কারণে পরী মণি তাকে সমালোচনা করেছেন। অপুকে পল্টিবাজ ও সুবিধাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি, কারণ অপু আগে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। সেই বিতর্কের পর পরীর ছেলের শেষ জন্মদিনেও অপুকে দেখা যায়নি।
এবার অপু বিশ্বাস এই জল্পনার জবাব দিয়েছেন। সম্প্রতি এক গণমাধ্যমে তিনি বলেন, “সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সে-ও আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।”
চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন দুজনই। অপু বর্তমানে ছেলেকে নিয়ে বেশি সময় কাটাচ্ছেন এবং ফ্যাশন মডেলিং ও ব্যবসায়ও ব্যস্ত। পরী মণি দুই সন্তানকে নিয়ে ব্যস্ত থাকছেন, পাশাপাশি তার সিনেমা ‘ডোডোর গল্প’ রোজার ঈদে মুক্তি পাচ্ছে। শিগগিরই তিনি সামছুল হুদার ‘গোলাপ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন, যেখানে জুটি বাঁধছেন চিত্রনায়ক নিরব হোসাইনের সঙ্গে।
বাংলার চোখ নিউজ





