মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হতে পারে এটা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট : রকস্টার জেমস

সংগীতাঙ্গনের জনপ্রিয় রকস্টার জেমস বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল যে তিনি আবার বিয়ে করেছেন। তবে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। সম্প্রতি একটি ঘরোয়া অনুষ্ঠানে জেমস খুলে বলেছেন নতুন জীবন, বিয়ে ও পুত্র সন্তানের আগমন নিয়ে।

জেমস জানিয়েছেন, কয়েক বছর আগে পারিবারিক অসুবিধার কারণে তার বেনজীরের সঙ্গে বিচ্ছেদ কার্যকর হয়। বেনজীর চাকরির কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন, এবং সেই সময়ে দেশে থিতু হওয়ার সুযোগ ছিল তার কাছে না। বিচ্ছেদের পরেও মেয়ে জাহানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।

নতুন জীবনের অংশ হিসেবে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে তার পরিচয় হয় নামিয়া আনামের সঙ্গে। প্রথম দেখা হয় লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে, তারপর শুরু হয় যোগাযোগ, প্রেম, এবং অবশেষে ঘর বাঁধার সিদ্ধান্ত।

জেমস বললেন, “হতে পারে এটা আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই অনুভূতি বর্ণনা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, যিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই দোয়া করবেন আমার সন্তান জিবরান ও তার মায়ের জন্য।”

নামিয়া আনামও বলেন, “আমরা জিবরানের জন্য অনেক আনন্দে আছি এবং সত্যিই জীবনের সেরা সময় পার করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।”

শেয়ার করুন