( নিজস্ব প্রতিবেদক : )
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে তার মৃত্যুর ঘটনা। আদালতের নির্দেশে ঢাকার রমনা থানায় সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এ মামলা দায়ের করা হয়।
মোট ১১ জনকে এ মামলায় আসামি করা হয়েছে, যার মধ্যে অন্যতম সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক। এছাড়াও অভিযুক্তদের তালিকায় আছেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, এবং চলচ্চিত্রের খলনায়ক হিসেবে পরিচিত ডন-সহ আরও কয়েকজন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকেও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, “মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তার ছেলে আত্মহত্যা করেননি—বরং তাকে হত্যা করা হয়েছে। তার করা রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে, ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে এটি আত্মহত্যা হিসেবে চিহ্নিত হয় এবং পরবর্তী দুই দশকেরও বেশি সময়জুড়ে মামলাটি অপমৃত্যু হিসেবে চলমান ছিল।
২০১৯ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে তার মা সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে উচ্চ আদালতের দ্বারস্থ হন।





