অপু দাস (রাজশাহী) :
রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সরবরাহ শুরু হয়েছে। বুধবার গোদাগাড়ীসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য পাঠ্যবই সংগ্রহ করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণীর সব পাঠ্যবই এবং নবম শ্রেণীর কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্যবই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় ওই দুই শ্রেণীর বই বিতরণ শুরু করা যায়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দ্রুত স্কুলগুলোতে বই সরবরাহ করা হবে।
বই সংগ্রহে আসা শিক্ষকরা বলেন, গত শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা দীর্ঘ সময় পর সম্পূর্ণ বই হাতে পেয়েছিল, যার ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। এবছর শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছেন তারা।
জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান জানান, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে শিক্ষা বিভাগ কাজ করছে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। প্রথম ধাপে সেই চাহিদার একটি অংশ সরবরাহ করা হয়েছে। শিক্ষা বিভাগ আশা করছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা সব প্রয়োজনীয় পাঠ্যবই হাতে পাবে।





